মোবাইলে ইন্টারনেট না থাকলেও যেভাবে পিসি’তে চলবে হোয়াটসঅ্যাপ

৭ নভেম্বর, ২০২১ ১৫:৩৩  
মোবাইলে ইন্টারনেট না থাকলেও ব্যবহারকারীরা যেনো ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ। পাশাপাশি একসঙ্গে চারটি ডেস্কটপ বা ল্যাপটপে ওয়েবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুবিধাও চালু করেছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, একবার ওয়েব লিঙ্ক করে ফেলার পরে মূল ডিভাইসটি দূরে রাখলে বা তা বন্ধ রাখলেও কাজ করবে। এমনকি ইন্টারনেট পরিষেবা না থাকলেও কাজ করবে। তবে এই সুবিধা পুরনো ভার্সনের ফোন ও ট্যাবে পাওয়া যাবে না। আইফোনে হোয়াটসঅ্যাপ খোলা থাকলেও এ ক্ষেত্রে কিছু কিছু সুবিধা আপাতত মিলবে না। এক্ষেত্রে প্রতিটি মেসেজ, কল এবং অন্যান্য সব কিছুর গোপনীয়তা বজায় থাকবে। সুতরাং ব্যবহাতকারীর কোনো ভয় নেই বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের এই সুবিধাটি উপভোগ করতে প্রথমে স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে গিয়ে ডান দিকের উপরে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এরপর ড্রপ ডাউন মেনু থেকে ‘লিঙ্কড ডিভাইস’ মেনুতে সিলেক্ট করে ‘মাল্টি ডিভাইস বিটা’ লেখাতে ক্লিক করতে হবে। এর ফলে একটা নতুন পাতা খুলবে। সেখানে এই ব্যবস্থায় কী কী সুবিধা পাওয়া যাবে তার বিবরণ পাবেন ব্যবহারকারী। সেখান থেকে ‘জয়েন বিটা’ লেখায় ক্লিক করে ‘কন্টিনিউ’ বাটনে ট্যাপ করতে হবে। পরে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে কিউআর স্ক্যান করলেই দৃশ্যমান হবে। এজন্য যে ফোনের হোয়াটসঅ্যাপটি থেকে ওয়েব ব্যবহার করা হচ্ছে সেটি সক্রিয় না থাকলেও চলবে। এই সুবিধায় টানা ১৪ দিন মোবাইলের ইন্টারনেট সংযোগ ছাড়াই ডেস্কটপে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যবে। এসময় শুধু কম্পিউটারের ইন্টারনেট থাকলেই চলবে। নিজে থেকে লগ আউট করা না হলে ১৪ দিন পরে নিজ থেকেই লগ আউট হয়ে যাবে।